ইসলাম টাইমস ডেস্ক: ডাকসুর ভিপি নুরসহ ছাত্র অধিকার আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ও মুক্তিযোদ্ধা মঞ্চকে নিষিদ্ধ করে সকলকে গ্রেপ্তারের দাবিতে রংপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।
আজ সোমবার জেলার প্রেসক্লাবের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। তারা ডাকসু ভিপিসহ নেতাকর্মীদের উপর হামলাকারী ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীদের দায়ী করে তাদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয়। আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে মিছিল শেষে তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার জন্য দাঁড়ায়।
এ সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন মিছিল সমাবেশে ভারতের দালাল বলা যাবে না এবং সরকারবিরোধী কোনো বক্তব্য দেয়া যাবে না বলে হুমকি-ধমকি দেয়।
ছাত্র ইউনিয়ন ও ছাত্র অধিকার আন্দোলনের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানালে দুই পক্ষে বাক বিতণ্ডা শুরু হয়। পরে যুব ও ছাত্রলীগের ওই সদস্যরা বিক্ষোভরতদের হাত থেকে ব্যানার কেড়ে নেয়। প্রেসক্লাব এলাকা ছেড়ে চলে যাবার জন্য তাদের গালাগালি ও ধাক্কাধাক্কি শুরু করে। কয়েকজনকে মারধর করা হয়। এতে ছাত্র অধিকার আন্দোলনের ৫ কর্মী আহত হয়।
ঘটনার এক পর্যায়ে বাধ্য হয়ে প্রেসক্লাব এলাকা ত্যাগ করে ছাত্র ইউনিয়ন ও ছাত্র অধিকার আন্দোলনের নেতাকর্মীরা।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্র অধিকার আন্দোলন রংপুর বিভাগীয় সমন্বয়কারী হানিফ খান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও মানববন্ধন করতে চাইলেও পারলাম না। আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে হামলা করে সরিয়ে দেয়া হলো। কিন্তু এভাবে আর কতদিন গায়ের জোরে এসব করা হবে।’
















