ইসলাম টাইমস ডেস্ক: ডাকসু ভবনের গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারে পুলিশের সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান কালে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
স্মারকলিপি পড়া শেষে উপস্থিত সাংবাদিকরা ডাকসু ভবনের সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘তাঁরা এ বিষয়ে পুলিশের সাহায্য চেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যেটি প্রত্যাশিত ছিল না। যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনা হবে।’
ডাকসুর ভিপি নুর ও তার অনুসারীদের ওপর সন্ত্রাসী হামলায় উদ্বেগ প্রকাশ করে উপাচার্যের কাছে এই স্মারকলিপি দেন উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ। স্মারকলিপিতে শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি তোলেন অভিভাবকরা। লেখক ও শিক্ষা আন্দোলন কর্মী রাখাল রাহা এটি পাঠ করেন।
স্মারকলিপিতে ভিপি নুরের ওপর হামলার প্রসঙ্গ এনে অভিযোগ করা হয়, ‘আক্রান্ত ছাত্ররা প্রশাসনের সাহায্য প্রার্থনা করেছিল। কিন্তু আপনি ও আপনার প্রশাসন এ ঘটনা বন্ধের কোনো উদ্যোগ নেন নি। উল্টো তাদের কটুকথা বলে বহিষ্কারের হুমকি দিয়ে তাড়িয়ে দিয়ে আক্রমণকারীদের পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। অতীতেও আপনি ও আপনার প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে এ ধরনের নানা অভিযোগ উত্থাপিত হয়েছে, আপনি তার একটারও সুষ্ঠু তদন্ত করে বিচার করেছেন বলে আমরা দেখতে পাইনি।
















