ইসলাম টাইমস ডেস্ক: ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। সেখানে অশান্তি হলে বাংলাদেশেও অশান্তি দেখা দেয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারতে অবৈধভাবে কোন বাংলাদেশি থাকলে তাদের ফিরিয়ে আনা হবে।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর আখালিয়ায় বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বাস্কেটবল গ্রাউন্ডে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। যেকোন মূল্যে দেশ থেকে মাদক নির্মূল করা হবে।
এদিকে দুপুরে নগরীর ধোপাদিঘীর পাড়ের একটি কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে ই-পাসপোর্ট চালু প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ই-পাসপোর্ট দেওয়া শুরু হয়েছে। তবে প্রথমে কিছু সংখ্যক লোকদের দেওয়া হবে। আগামী জুলাই থেকে সাধারণ মানুষকে বিতরণ করা হবে। কিছু সংখ্যক বলতে সরকারি কর্মকর্তারা আপাতত ই-পাসপোর্ট পাচ্ছেন- যোগ করেন তিনি।
















