ভারতে হিজাব পরায় সমাবর্তনে ঢুকতে বাধা, স্বর্ণপদক নিলেন না ছাত্রী

ইসলাম টাইমস  ডেস্ক: হিজাব পরার কারণে সমাবর্তন অনুষ্ঠানে ভারতের পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রবেশ করতে দেয়া হয়নি রাবিহা আব্দুর রহিম নামের স্বর্ণপদকপ্রাপ্য এক শিক্ষার্থীকে। কিন্তু ঘটনার প্রতিবাদ জানিয়ে, সোনার পদক নিতে অস্বীকার করেন রাবিহা। শুধু সার্টিফিকেট নিয়েই বেরিয়ে আসেন তিনি। খবর আজকাল-র।

জানা গেছে,পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনে স্নাতোকত্তরে সর্বোচ্চ নম্বরের অধিকারী রাবিহা আব্দুর রহিম। তাই সমাবর্তনে তার হাতেই উঠত সোনার পদক। বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহরু অডিটরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার হাত থেকেই হয়তো সাফল্যের পুরস্কার পেতেন রাবিহা।

কিন্তু সেই সময় অনুষ্ঠানে ঢুকতেই দেওয়া হয়নি রাবিহা আব্দুর রহিমকে। কারণ তিনি হিজাব পরে সমাবর্তন অনুষ্ঠানে এসেছিলেন এবং তা খুলতে অস্বীকার করেছেন।

২০১৮ সালের ব্যাচের ছাত্রী রাবিহা জানান,রাষ্ট্রপতি আসার কিছুক্ষণ আগেই তিনি অডিটরিয়ামে প্রবেশ করতে যান। কিন্তু সেখানেই নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেয়। বলা হয়, হিজাব খুলে না এলে ভিতরে ঢুকতে দেয়া যাবে না। নিরাপত্তারক্ষীদের প্রস্তাবে রাজি হননি রাবিহা। রাষ্ট্রপতি অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে প্রবেশের অনুমতি দেয়া হয়।

এরপর কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের পদক ও সার্টিফিকেট দিতে শুরু করে। কিন্তু গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে,সোনার পদক নিতে অস্বীকার করেন রাবিহা। শুধু সার্টিফিকেট নিয়েই বেরিয়ে আসেন তিনি।

ক্ষুব্ধ রাবিহা বলেন,আমার সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে,তার প্রতিবাদেই আমি পদক নিতে অস্বীকার করি। নিরাপত্তারক্ষীরা আমাকে সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে বাধা দেয়। ওরা সন্দেহের চোখে দেখছিল আমাকে। যেন আমি কিছু একটা করার উদ্দেশ্যে ঢুকতে চাইছি। জানি না,ওরা কী ভাবছিল।

পূর্ববর্তি সংবাদআগামীকাল থেকে শুরু হচ্ছে সিলেটের রেঙ্গা মাদরাসার ৩ দিনব্যাপী শতবার্ষিকী সম্মেলন
পরবর্তি সংবাদঅবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী