ইসলাম টাইমস ডেস্ক: ধারাবাহিক উন্নয়নের সুফল দেশের তৃণমুল জনগোষ্ঠির কাছে পৌঁছে দিতে গ্রামকে কেন্দ্র করে উন্নয়ন প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, সাক্ষাতে দেশের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রবৃদ্ধি এখন ৮ দশমিক ১৫ শতাংশ, মাথা পিছু আয় ১৯০৯ ডলার এবং দারিদ্র্যের হার কমে ২০ শতাংশে নেমে এসেছে।
এ সময় বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এ উন্নয়ন সম্ভব হয়েছে।
















