ইসলাম টাইমস ডেস্ক: আজ খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। খ্রিষ্ট ধর্মালম্বীদের বিশ্বাস মতে, এই দিনে পৃথিবীতে এসেছিলেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট।
অন্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্ট ধর্মানুসারীরাও ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। বড় দিন উপলক্ষে বাড়িঘর নানা রঙের আলোয় সাজিয়েছেন তারা। রাজধানীর হোটেল সোনারগাঁও, শেরাটন, র্যাডিসন, ফোরপয়েন্ট বাই শেরাটন, ওয়েস্টিনেও চলছে চোখ ধাঁধানো আলোকসজ্জা।
বুধবার (২৫ ডিসেম্বর) সরকারি ছুটি। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
প্রধানমন্ত্রী বড়দিনে খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখি-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন।
















