ইসলাম টাইমস ডেস্ক : ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় সেখান থেকে নগদ দুই লাখ ১৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। গ্রাহক হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের ব্যাপারে দেবব্রত মণ্ডল বলেন, নানা অনিয়মের অভিযোগে ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এ সময় অফিসের একটি কক্ষ থেকে নগদ দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ অফিসে টাকা রাখার কোনো প্রয়োজন নেই, কারণ পাসপোর্টের জন্য সরকার নির্ধারিত ফি ব্যাংকে জমা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগম জানান, আমি এখানে নতুন যোগদান করেছি। আমার অফিসে ঘুষ-দুর্নীতি নেই। এরপরও দুদক অভিযান চালিয়েছে। তারা তদন্ত করে দেখুক। অভিযোগ সত্য হলে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
















