ইসলাম টাইমস ডেস্ক : বৃহস্পতিবারে অনুষ্ঠিত হতে যাওয়া সরকারবিরোধী বিক্ষোভের আগে ইরানের বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত থাকার পর ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
বিবিসি পার্সিয়ানের দর্শক, পাঠক ও শ্রোতারা জানিয়েছেন যে তাদের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে ইন্টারনেট ব্যবহারের হার হ্রাস পেয়েছে।
আধা-সরকারি ইরানি সংবাদ সংস্থা ইলনা দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেয়া হয়েছে।
গতমাসে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হওয়া বিক্ষোভের সময় সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে যারা নিহত হয়েছে, তাদের স্মরণে নতুন বিক্ষোভের আহ্বান জানানোর পর ইন্টারনেট বন্ধের এই সিদ্ধান্ত এলো।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যশনাল দাবি করছে গতমাসে চলা বিক্ষোভের সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর টানা কয়েকদিনের অভিযানে অন্তত ৩০৪ জন মারা গেছে এবং কয়েক হাজারের বেশি গ্রেফতার হয়েছে।
সূত্র : বিবিসি
















