টাকার লোভে কথিত পীরকে হত্যা করল তার মুরিদেরা

ইসলাম টাইমস ডেস্ক: টাকার লোভে কথিত পীর শাহ মো. তবারক হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করল তার মুরিদেরা। গত বুধবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চলের শান্তিনিকেতন এলাকায় নিজ বাসায় খুন হন কথিত পীর ও ব্যবসায়ী শাহ মো. তবারক হোসেন।

তবারক মহাখালীর মামা প্লাজার মালিক। তিনি চট্টগ্রামের শফি মাইজভান্ডারীর অনুসারী ছিলেন। সেই সুবাদে তার বাসায় অনেক মুরিদ আসা-যাওয়া করতো।

ঘটনার একদিনের মাথায় পাঁচ খুনিকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ। গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, তিন জনকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। যে কোনও সময় তাদের গ্রেফতার করা হবে।

তারা সবাই মুরিদ ছিল। যাতায়াত করতো রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার শান্তিনিকেতনে কথিত পীর বাসায়। পীরের কাছে অনেক টাকা-পয়সা দেখে লোভে পড়ে যায়। পরে পরিকল্পনা করে হত্যা করে কথিত ওই পীরকে । লুট করে নিয়ে যায় নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র।

পুলিশ কর্মকর্তারা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তবারকের ফ্ল্যাটের কলিংবেল বাজায় দুর্বৃত্তরা। ভেতর থেকে সাইফুল দরজা খুলে দিলে পাঁচ দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। তারা সাইফুলকে অস্ত্রের মুখে জিম্মি করে কথিত পীর তবারককে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এরপর তারা আলমারি ভেঙে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর সাইফুল বিষয়টি প্রতিবেশী ও পুলিশকে জানালে পুলিশ সেখানে গিয়ে তবারককে উদ্ধার করে পাশের মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তি সংবাদআরাকান আর্মির হাতে নিহত সু চির দলের চেয়ারম্যান
পরবর্তি সংবাদপ্রচণ্ড কুয়াশার কারণে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিহত ১, নিখোঁজ ১০