নাঙ্গলকোটে মসজিদের জমি দখলের চেষ্টা, প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিজের বাড়ির রাস্তা বানাতে মসজিদের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নাজির আহম্মেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার সকালে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার উত্তর মাহিনী গ্রামের সুলতান আহম্মেদের ওয়ারিশরা ১৯৪৮ সালে সাড়ে পাঁচ শতক এবং ১৯৫০ সালে নুর মিয়া খন্দকার সাড়ে চার শতক জমি গ্রামে মসজিদ তৈরির জন্য ওয়াকফ করে দেন। পরে বিএস খতিয়ানের সময় মৃত নুর মিয়ার ওয়ারিশরা আরও এক শতক জমি মসজিদের নামে বিএস খতিয়ান করে দেন। সব মিলিয়ে বর্তমানে ১১ শতক জমি বিএস রেকর্ডে উত্তর মাহিনী পশ্চিম পাড়া জামে মসজিদের নামে খতিয়ানভুক্ত হয়।

গত কয়েক মাস ধরে ওই গ্রামের মৃত ছোয়াব মিয়ার ছেলে নাজির আহম্মেদ মসজিদের এক শতক জমির মালিকানা দাবি করেন। পরে তিনি তার বাড়ির রাস্তা করার জন্য মসজিদের বারান্দা এবং মক্তবের একাংশ জোর করে দখলের চেষ্টা করেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, এ জমি দখলের চেষ্টা করলে এলাকাবাসী ও মুসল্লিরা নাজিরকে বাধা দেন। কিন্তু নাজির তাদের ফাঁসানোর জন্য একাধিক মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানিসহ বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। এ সময় মুসল্লিরা মসজিদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি শাহজাহান খন্দকার, মোতয়াল্লিা মহি উদ্দিন হাজারি, ইমাম রেজাউল হক, মুসল্লি হাজী পেয়ার আহম্মদ, আবু বক্কর হাজারী, মাওলানা ইয়াছিন ভেন্ডার, আবদুল খালেক, নুরুল আলম খন্দকার প্রমুখ বক্তব্য দেন।

পূর্ববর্তি সংবাদমিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্তে জাতিসংঘে বাজেট পাশ
পরবর্তি সংবাদনূরানী তা’লিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় সমাপনী পরীক্ষার ফল প্রকাশ