নির্বাচন কমিশন সরকারের সাথে আঁতাত করে চলে: বদিউল আলম মজুমদার

ইসলাম টাইমস ডেস্ক: বর্তমান নির্বাচন কমিশন দেশ ও জাতির চরম ক্ষতি করেছে৷ তাদের স্বউদ্যোগে পদত্যাগ করা উচিত মন্তব্য করে সুশানের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন,  বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের জনগনের আস্থা নেই। নির্বাচন কমিশন সরকারের সাথে আঁতাত করে চলে

তিনি বলেন,  গত বছরের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে যা হয়েছে তা মূলত এক ধরনের অশুভ আঁতাত৷ নির্বাচন কমিশন, এক শ্রেণীর সরকারী কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী  ও সরকারি দলের সাথে যুক্ত ব্যক্তিরা মিলে এ আঁতাত তৈরি করেছিল৷ যে কারণে এই নির্বাচনের কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে ব্যপক সন্দেহ রয়েছে৷ তাদের কাছ থেকে একটি সুষ্ঠ নির্বাচনের আশা করা দুরাশা ছাড়া আর কিছুই না৷

সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।

ইভিএম বিষয়ে সুজন সম্পাদক বদিউল আলমের  কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ইভিএম একটি বড় অংশের ভোটরদের ভোট প্রদান থেকে বঞ্চিত করছে৷  আমরা যদি গত জাতীয় নির্বাচনের দিকে তাকাই, তাহলে দেখা যায় ২৯৪ টি কেন্দ্রে সাধারণ ব্যলট আর বাকীগুলোতে ইভিএম ব্যবহার করা হয়েছে৷ ইভিএমে ভোট পড়েছে ৫১ দশমিক ৪২ শতাংশ আর পেপার ব্যালটে ৮০ দশমিক ৮০৷ তাহলে ৩০ শতাংশের ফারাক কেন৷ সেক্ষেত্রে বলা যেতে পারে ৩০ শতাংশ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে৷

গত জাতীয় নির্বাচন ও পরবর্তী সময়ের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নির্বাচনগুলোতে ভোটরদের কম উপস্থিতি প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, ভোটারদের কম উপস্থিতির কারণ অনেক৷ যেমন অনেকের ধারণা আমি ভোট দিলেও কিছুই যায় আসে না৷ আবার অনেকে ভাবছেন আমি ভোট দিতে গেলে ভোট দিতে যে পারবো তার নিশ্চয়তা নেই৷ নির্বাচন বিষয়ে মানুষের মধ্যে ব্যপক অনাস্থা ও অনীহা সৃষ্টি হয়েছে৷  যা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙ্গে ফেলেছে৷ এটি একটি অশনি সংকেত, কারণ নির্বাচনই একমাত্র সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিয়মকান্ত্রিকভাবে ক্ষমতা বদলের পন্থা৷  এটি বিলুপ্ত হয়ে গেলে তা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না৷

 

পূর্ববর্তি সংবাদঐক্যফ্রন্টের মিছিলে পুলিশি বাধা, প্রতিবাদে ফের বিক্ষোভের ঘোষণা
পরবর্তি সংবাদবাঙ্গালি মুসলিম-সমাজে থার্টি ফার্স্ট নাইটের ভয়াবহ ছোবল