সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে রিলিজের অভিযোগ ও গ্রেফতারের আশঙ্কা ভিপি নুরের

ইসলাম টাইমস ডেস্ক: সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে অভিযোগ করে ডাকসু ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের কাছে নিজের গ্রেফতার হওয়ার ব্যাপারে  আশঙ্কা প্রকাশ করছেন।

আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাড়পত্র পেয়ে বেরিয়ে যাওয়ার সময় এ আশঙ্কার কথা বলেন তিনি।

মঙ্গলবার ভিপি নুরুকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বেলা ১২টা ১৫ মিনিটে হাসপাতাল ছাড়েন তিনি। তবে তাকে সেখান থেকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোথায় ভর্তি করা হয়েছে তা জানা যায়নি।

সাংবাদিকদের নুরুল হক নুর বলেন, ‘আমি পুরোপুরি সুস্থ না। আমার বামপাশের পাঁজরে এখনো ব্যথা। হাঁটতে গেলে মাথা ঘুরে। সোজা হয়ে দাঁড়াতে পারি না। আমার শারীরিক নানা জটিলতা এখনও আছে। হাসপাতালের ট্রিটমেন্ট নিয়ে আমি সন্দিহান।’

তিনি আরও বলেন, ‘আমার ডাকসুর মেয়াদ আর তিন মাস বাকি। ইতোমধ্যে আমার নামে আইসিটি অ্যাক্টে মামলা করা হয়েছে। আমাকে যাতে অ্যারেস্ট করা হয়, আমি যাতে জামিন না পাই, সেজন্য তড়িঘড়ি করে আমাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।’

ভিপি নুর বলেন, ‘ঘটনার দিন লাইট বন্ধ করে আমাদের মারধর করে ছাত্রলীগের সভাপতি সনজিত ও সেক্রেটারি সাদ্দাম। তারা আমার ভাই আমিনুরকে পিস্তলের বাঁট দিয়ে মেরে তিনতলা থেকে ফেলে দেয়। সরকারের দুঃশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে কথা বলায় আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়।’

পূর্ববর্তি সংবাদআল্লামা আশরাফ আলী রহ.-এর ইনতিকালে আলেমদের শোকপ্রকাশ
পরবর্তি সংবাদ‘অশালীন পোশাক’ পরায় সৌদিতে ২ শতাধিক নারী-পুরুষ আটক