থার্টি ফার্স্ট নাইটে হাসপাতালে গানের আসর, চরম দুর্ভোগে রোগীরা

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে উচ্চ শব্দে গান-বাজনা ও আতশবাজি ফুটিয়ে ইংরেজি নতুন বছর উদযাপন করেছেন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা।

গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের সামনে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গান-বাজনা চলে। এর ফলে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েন।

এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকেও এ অনুষ্ঠানের ব্যাপারে কিছু্ই জানায়নি। এ অনুষ্ঠানে তারা গানের পাশাপাশি আতশবাজি ফাটিয়ে নতুন বছর উদযাপন করেন।

জানা গেছে, থার্টি ফার্স্ট উদযাপনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চিকিৎসকদের চিত্ত বিনোদনের জন্য গান-বাজনার আসর, ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ আয়োজনের স্পন্সর ছিল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল। আয়োজনটিতে হাসপাতালের চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. আবু সাঈদ।

চিকিৎসকদের এমন আয়োজনে রোগীর দুর্ভোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। হাসপাতালের অভ্যন্তরে রোগীদের দুর্ভোগ সৃষ্টি করে এমন উৎসব আয়োজনের বিষয়টিকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে মন্তব্য করছেন অনেকেই।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বলেন, ‘চিকিৎসকরাও মানুষ। তাদেরও রিফ্রেশমেন্টের দরকার আছে। তাই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছিলেন।’ তবে গান-বাজনার আয়োজনের বিষয়টি জানা ছিল না বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানটির ব্যাপারে প্রশাসনের কোনো অনুমতি ছিল না জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘অনুষ্ঠান করার জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। হাসপাতালে অনুষ্ঠানের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়। পরে তারা অনুষ্ঠান বন্ধ করে দেন।’

পূর্ববর্তি সংবাদভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক
পরবর্তি সংবাদআগামীকাল গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়