ইসলাম টাইমস ডেস্ক: ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেলের পৌনে ২০০ কিলোমিটারের সব কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দিয়াবাড়িতে এমআরটি-৬ লাইনের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও রেল-ট্র্যাক বসানোর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০৩০ সালে ছয়টি মেট্রোরেলের পৌনে ২০০ কিলোমিটারের সব কাজ শেষ হবে, এর ফলে ঢাকায় যানজটমুক্ত অনিন্দ্য সুন্দর এক দৃশ্যপট আমরা দেখতে পাব। তখন ঢাকা শহরে আজকের যান চলাচলের চিত্রই পাল্টে যাবে।
নতুন বছরের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘এমআরটি লাইন ১ ও এমআরটি লাইন ৫ এর ডিপিপি অনুমোদন হয়ে গেছে, ফলে কাজ শুরু করতে আর কোনো বাধা নেই। মেট্রোরেলের এই দুই লাইনের মধ্যে একটিতে ১৬ কিলোমিটার, অন্যটিতে সাড়ে ১৩ কিলোমিটার অংশ পাতাল রেল হবে।’
এমআরটি-৬ লাইনের বিদ্যুত সঞ্চালন লাইন ও রেল-ট্র্যাক বসানোর কাজের উদ্বোধন করে মন্ত্রী জানান, ‘আজকে আমি আনন্দের সঙ্গে বলছি, আমাদের এমআরটি লাইন ৬ মেট্রোরেল প্রকল্পের সাড়ে ৮ কিলোমিটার এখন দৃশ্যমান।’
এ সময় সেতু সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















