ইসলাম টাইমস ডেস্ক: আবারও ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার পশ্চিম দিল্লির একটি ব্যাটারি কারখানায় আজ সকালে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে দিল্লির পীরা গরহী এলাকায় অবস্থিত ওই ব্যাটারি কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে।
প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। এখনো অনেকেই ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন। ওই কারখানার একাংশ ভেঙে পড়েছে।
এ বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দমকলকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমি সামগ্রিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আশা করি, আটকা পড়াদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।
এ দিকে কর্তৃপক্ষ বলেছে, এখনো কারখানাতে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করা হবে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অনেকেই গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
















