ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৬ জনের প্রাণহানি, বাস্তুহারা সহস্রাধিক

ইসলাম টাইমস ডেস্ক: ইন্দোনেশিয়ায় নতুন বছর উদযাপনের সময় আকস্মিক বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। রাজধানী জাকার্তা ও আশপাশের এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইন্দোনেশিয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধস নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ সময়টাতে দক্ষিণ-পূর্ব এশীয় এ দেশে প্রবল বর্ষণ হয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, জাকার্তা এবং আশে পাশের শহরগুলোতে বৃষ্টিপাতের ফলে বন্যায় অন্তত নয়জন মারা গেছেন। তাদের মধ্যে অধিকাংশই হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা দ্রুত কমতে থাকা) মারা গেছেন। এক কিশোর বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এ অবস্থায় জাকার্তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এক সংবাদ সম্মেলনে জাকার্তার গভর্নর আনিস বাসওয়াদেন জানিয়েছেন, ‘বুধবার স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত অন্তত ১৯ হাজার মানুষকে জাকার্তার আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। জাকার্তায় বৃষ্টি থেমে গেছে, এখন আমরা পানি কমার অপেক্ষায় আছি।

এছাড়া অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। প্রায় ২০ হাজার যাত্রী এখন সেখানে আটকা পড়ে আছে।  দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগাস উইবো বলেন, জাকার্তার আশপাশের অন্তত ৯০টি এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারা।

পূর্ববর্তি সংবাদভালুকায় গৃহবধূকে গণধর্ষণ, ছাত্রলীগ নেতাসহ আটক ৪
পরবর্তি সংবাদহেলিকপ্টার বিধ্বস্তে তাইওয়ানের সেনাপ্রধানসহ নিহত ৮