ইসলাম টাইমস ডেস্ক: আগামী ১০ জানুয়ারী শুক্রবার থেকে শুরু হবে আলমী শূরার সাথীদের ২০২০ সালের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক পর্ব। ইজতেমায় যোগদান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসুল্লীদের আগমন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। মাঠ প্রস্তুতির কাজও প্রায় সম্পন্ন হয়ে গেছে। এখন পর্যন্ত বাকী রয়ে যাওয়া কিছু কাজ আগামী কালের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন টঙ্গী মারকাযের সাথী এবং মাঠ তৈরির কাজের অন্যতম জিম্মাদার মোস্তফা ইসলাম।
মাঠ প্রস্তুতির বিষয়ে ইসলাম টাইমসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মোস্তফা ইসলাম জানান, ইজতেমা শেষ হওয়া পর্যন্তই আসলে কাজ কিছু না কিছু থাকেই। বাকী প্রায় নব্বই ভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে এবং অত্যাবশ্যক সব কাজ আগামী কালের মধ্যেই তা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ্।
মোস্তফা ইসলাম বলেন, সারা দেশব্যাপী আলমী শুরার সাথীদের ইজতেমা একসাথে হওয়ায় অনেক মানুষের সমাগমের বিষয়টি বিবেচনা করে এ বছর মুরুব্বীরা ইজতেমার জায়গা সম্প্রসারণের চিন্তা করেছিলেন। সাথীদের স্থান সঙ্কুলানের বিষয় বিবেচনা করে এ বছর বেড়িবাঁধের পশ্চিম পাশে, বাটা কোম্পানীর মাঠে, হুন্ডা ভবনের খালি অংশও ইজতেমার জন প্রস্তুত করা হয়েছে। তুরাগ নদীর উপরে সেনাবাহিনী ছয়টি অস্থায়ী ব্রীজও নির্মাণ করেছে।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন জেলার জিম্মাদার সাথীরা ইতোমধ্যে ইজতেমার মাঠে উপস্থিত হয়ে গেছেন। আগামীকাল ফজরের পরে নজম তথা ব্যবস্থাপনাগত বিষয়ে তাদের উদ্দেশে জরুরী আলোচনা হবে বলেও জানিয়েছেন টঙ্গী মারকাযের জিম্মাদার সাথী মোস্তফা ইসলাম।
এদিকে ইজতেমা ময়দানে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এবার ইজতেমায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৮হাজার সদস্য দায়িত্ব পালন করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
















