ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।এসময় তিনি নির্বাচন থেকে সরে যেতে তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন।
তাবিথ আউয়াল আরও বলেন, আমাদের ন্যায়সঙ্গত দাবিকে উপেক্ষা করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন ভোট গ্রহণে ইভিএম পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্তে অটল রয়েছে। এতে প্রমাণ করে ভোট নিয়ে সরকারের চরম দুরভিসন্ধি রয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই- এই মুহূর্ত থেকে বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে ইভিএম পদ্ধতি বাতিলসহ নির্বাচনের আগ পর্যন্ত নতুন করে নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের ও গ্রেফতার বন্ধ করতে হবে।
















