ইসলাম টাইমস ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রে মধ্যকার চলমান অস্থিরতায় সরকার উদ্বিগ্ন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এঘটনায় বিশ্বব্যাপী অস্থিরতা বিরাজ করছে। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতে আমরা উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ইরানের জেনারেল কাসেম সোলায়মানিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হত্যার করা হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্যে দুইদেশের মাঝে অস্থিরতা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিয়ে ওবাইদুল কাদের বলেন, সরকারের পক্ষ থেকে আমরা উভয় পক্ষের সরকারকে আহ্বান জানাবো তারা যেন এই ধ্বংসাত্মক যুদ্ধ থেকে সরে আসে।
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘তারপরেও যদি যুদ্ধ লেগে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। যা থেকে বাংলাদেশ ও মুক্ত নয়। এই ধাক্কা বাংলাদেশেও লাগবে। সেক্ষেত্রে ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশিদের সেখানকার দূতাবাসের মাধ্যমে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছি।’
















