ইসলাম টাইমস ডেস্ক: ‘ক্যাম্প উদ্বোধন নয় বরং সেখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল’। আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে ক্যাম্প উদ্বোধনের অভিযোগে শোকজ নোটিশের জবাবে এ কথা বলেছেন দিয়েছেন উত্তর সিটিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
গতকাল বুধবার বিকেলে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কাছে শোকজের জবাব পৌঁছে দেওয়া হয়।
নির্বাচনী প্রচার শুরুর আগে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনকে নিয়ে উত্তরায় ক্যাম্প উদ্বোধন করায় দুটি ধারায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার দেয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম।
আতিকুল বলেন, ‘সিটি কর্পোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-৫ অনুযায়ী ১০ জানুয়ারি ২০২০ তারিখ সকাল ১০ টার পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার করা যাবে না, সে সম্পর্কে আমি অবগত আছি। আমার মনোনয়ন উপলক্ষে উত্তরা থানা আওয়ামী লীগ একটি মিলাদ মাহফিলের আয়োজন করে। উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠানে আমি যোগদান করি, কিন্তু কোনো প্রকার নির্বাচনী প্রচরণামূলক বক্তব্য প্রদান করিনি। এতে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর কোনও বিধি লঙ্ঘন হয়েছে বলে মনে হয় না।’
এ বিষয়ে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘আমরা আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে যে শোকজ নোটিশ দিয়েছিলাম সেটির জবাব পেয়েছি। আমরা ক্যাম্পের বিষয়টি জানতে চেয়েছিলাম, তবে জবাবের চিঠিতে সেটি উল্লেখ নেই। তবে আতিকুল ইসলাম জবাবে বলেছেন আচরণ বিধি মেনে চলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এ জাতীয় কাজ আর করবেন না। তিনি জবাব তো দিয়েছেন এবং বলেছেন আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল।’
















