রাজধানীতে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বান্ধবীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় গণধর্ষণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কামরাঙ্গিরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মশিউর রহমান।

এই ঘটনার রাতেই ভুক্তভোগীর পরিবারের লোকজন ৬ জনকে আসামি করে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এক বান্ধবীর মাধ্যমে অভিযুক্ত ৫ তরুণের সাথে পরিচয় হয় ভুক্তভোগীর। এক পর্যায়ে ওই অভিযুক্তরা কামরাঙ্গিরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের এক তলায় নিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করে।

পরে ওইদিন রাতেই ভুক্তভোগীকে থানায় নিয়ে গিয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন তার পরিবারের সদস্যরা। পরে পুলিশের তত্ত্বাবধানে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

এদিকে মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ আসামিকে গ্রেফতার করে পুলিশ। তবে, এখনও পলাতক রয়েছেন এক আসামি।

ওসি মশিউর রহমান বলেন, “গ্রেফতার ৫ জনের মধ্যে ৪ জন ছেলে ও একজন ভুক্তভোগীর বান্ধবী। তাদের প্রত্যেকের বাড়ি একই এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা গণধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে, এখনও এক আসামি পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। আশা করছি খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

পূর্ববর্তি সংবাদচাঁদপুরেও আ. লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত
পরবর্তি সংবাদজুমাবার বাদ মাগরিবের বয়ান: তাবলীগের মাকসাদের কথা স্মরণ করালেন আহমদ লাট