ইসলাম টাইমস ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের সরকার বিরোধী বিক্ষোভে ফের গুলি চালিয়েছে পুলিশ। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। তাছাড়া আহত হয়েছেন দুই শতাধিক লোক।
রবিবার (২৬ জানুয়ারি) হাসপাতাল সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাজধানী বাগদাদ ও আশপাশের শহরগুলোতে শুরু হওয়া বিক্ষোভে গুলি ও রাবার বুলেট ছুড়ে পুলিশ।
স্থানীয় মানবাধিকার সংগঠন (আইএইচসিআর) এক বিবৃতিতে জানায়, এবারের বিক্ষোভে নিহতদের মধ্যে নয়জন রাজধানী বাগদাদ এবং তিনটি ধী কার প্রদেশের বাসিন্দা। তাছাড়া বাগদাদে ১১৮ জন, ৭৮ জন ধী কারে এবং বসরা প্রদেশে ৩৪ জন আহত হন। এবার নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এখন পর্যন্ত মোট ৮৯ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।
এ দিকে চলমান বিক্ষোভের প্রভাবশালী নেতা মুকতাদা আল সদর এরই মধ্যে আন্দোলন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মূলত এর পরপরই তার সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় বলে জানা গেছে।
যদিও হামলাকারীদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এমনকি বিক্ষোভে কয়েকজন অপরিচিত বন্দকুধারীকেও দেখা গেছে।
উল্লেখ্য, গত কয়েক মাস যাবত চলা আন্দোলনে শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
















