ইসলাম টাইমস ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে তুলা টাকার ভাগাভাগি নিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পার্শ্ববর্তী পূজামণ্ডপে কয়েক দফায় এ হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, ছাত্রলীগের কয়েকটি গ্রুপের নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ গঠিত হয়। বৃহস্পতিবার পূজার উদ্বৃত টাকার ভাগাভাগি নিয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব সরকারের সাথে কার্যকরী সাধারণ সম্পাদক বিজয় কুমার ও সুজন বৈষ্ণবের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় কয়েকজন আহত হয়।
রাজিব সরকার শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃণ্ময় দাস ঝুটনের এবং বিজয় কুমার ও সুজন বৈষ্ণব সহ সম্পাদক নিউটন দাসের অনুসারী।
এ ঘটনায় সহ সম্পাদক নিউটন দাস বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।
















