ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশে অজ্ঞাত গ্যাসের বিষক্রিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত আরো ৫০০ মানুষ। তবে এখন পর্যন্ত এ ঘটনার কুল-কিনারা এখনো উদ্ধার করা যায়নি। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি সিন্ধু প্রদেশের রাজধানী করাচির কেয়ামারি এলাকায় অন্তত ১৪ জনের মৃত্যু হলেও এ রহস্যের কূলকিনারা করা যায়নি।
এ গ্যাসে মৃত্যুর পেছনের কারণ জানতে বিক্ষোভ করেছেন ওই এলাকার বাসিন্দারা।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে সিন্ধু প্রদেশের স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ নাসির হুসেইন শাহের উপস্থিতিতে করাচি কমিশনার ইফতিখার শালওয়ানি জানান, এ ঘটনার কারণ হিসেবে বেশ কিছু বিষয় বিবেচনা করা হলেও ওই গ্যাসের উৎস ও ধরন এখনো জানা যায়নি।তবে তদন্ত চলছে। করাচির নির্দিষ্ট একটি এলাকাতেই এ গ্যাস নিঃসরণের ঘটনা ঘটেছে। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে এবং এর প্রতিবেদন আসতে অন্তত ৭২ ঘণ্টা সময় লাগবে বলে জানান শালওয়ানি।
এদিকে ড. জিয়াউদ্দিন হাসপাতালের মুখপাত্র আমির শেহজাদ জানান, গত দু’দিনে ওই হাসপাতালের কেয়ামারি ক্যাম্পাসে নয় জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, কুতিয়ানা হাসপাতালে আরও দু’জন মারা গেছে।
















