খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রবিবার

ইসলাম টাইমস ডেস্ক: আগামী রবিবার অনুষ্ঠিত হবে জিয়া চ্যারিটেবল মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদনের উপর শুনানি । তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ আজ বুধবার শুনানির জন্য এই দিন ধার্য করেন।

দিন ধার্যের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার বিষয়টি উল্লেখ করে জামিন চেয়েছি। আশা করছি আদালত মানবিক দিক বিবেচনা করবেন।

 

এর আগে গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার জামিন আবেদনটি দাখিল করেন আইনজীবী সগির হোসেন লিয়ন। আজ সকালে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী খন্দকার মাহবুব হোসেন হাইকোর্টে এই আবেদনের শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেন। এ সময় বেঞ্চের জেষ্ঠ্য বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এই মামলা নিয়ে এর আগেও একবার আমাদের বেঞ্চে এসেছিলেন। পরবর্তী সময়ে আপনারা আপিল বিভাগে যান।

তখন খন্দকার মাহবুব বলেন, ‘আমরা নতুন গ্রাউন্ডে জামিন চেয়ে আপনাদের বেঞ্চে এসেছি। এতে আইনগত কোনো বাধা নেই।’ পরে আদালত জানান, রবিবার শুনানির জন্য জামিন আবেদনটি কার্যতালিকায় আসবে।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন খালেদা জিয়া। ওই আপিল আপিল বিভাগের সংশ্লিষ্ট দীর্ঘদিন ধরে পরে আছে। কিন্তু শুনানির কোনো উদ্যোগ নেননি আইনজীবীরা।

পূর্ববর্তি সংবাদট্রাম্প প্রশাসনকে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে চাপ দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের
পরবর্তি সংবাদপাকিস্তানে রহস্যময় গ্যাস, মৃত্যু ১৪ জনের, আক্রান্ত ৫০০