ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেট্রিক পরীক্ষায় উর্দুতে পাস করলেও বাংলায় ফেল করেছিলেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ১১ বছর ধরে বিএনপির মাঠের আন্দোলনের কথা শুনে আসছি। তাদের কথাগুলো মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় একই কথা বলে থাকেন।
তিনি বলেন, তাদের নেত্রী খালেদা জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন সেটা একটি প্রশ্ন। তিনি তার মেট্রিক পরীক্ষায় উর্দুতে পাস করেছিলেন এবং বাংলায় ফেল করেছিলেন।
খালেদা জিয়া কোনো রাজবন্দি নন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তিনি দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন। তাদের জন্য এটাই দুঃখজনক। তাদের রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতা আর বন্দিদশার মধ্যে আটকে আছে। তারা গণমানুষের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে।
















