ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারে টেকনাফ উপজেলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত জকির বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে।
রোববার দিবাগত রাতে টেকনাফের মোচনী ও জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন গভীর পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী ও র্যাবের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটছে বলে জানিয়েছে র্যাব। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাব- ১৫ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে সন্ত্রাসী জকির বাহিনীর অবস্থানের খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়।
এতেই রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর সাত সদস্য নিহত হন। ঘটনাস্থলে থেকে তিনটি বিদেশি পিস্তল, সাতটি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
















