ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার যেকোন মূল্যে নরেন্দ্র মোদীকে ঢাকায় আনার জন্য নিজ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, নিজ দেশেই যে রক্ত ঝরছে সেটিকে বন্ধ না করে মি. মোদী যে বাংলাদেশে আসছেন সেটি কি এদেশের মানুষকে উপহাস করা নয় ? এটি তার বিবেচনায় থাকা উচিৎ। রক্তগঙ্গা বয়ে যাওয়া ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সরকার কেন ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনার জন্য এতো উদগ্রীব ? এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে।
তিনি আরও বলেন, দিল্লিতে সুপরিকল্পিতভাবে গণহত্যা সংঘটিত হয়েছে। এটি কেবল বাংলাদেশের মানুষের বক্তব্য নয়, গতকাল ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সমাবেশে স্পষ্ট ভাষায় বলেছেন, দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি বরং সুপরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়েছে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দেশের জনগণের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য এই সরকারের উচিত ছিল ভারতে গণহত্যার প্রতিবাদ করা। মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক ও বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করা। অথচ সেটি না করে নিশিরাতের সরকারের মন্ত্রীরা বলছেন, দিল্লির গণহত্যা আর নাগরিকত্ব আইন নাকি তাদের অভ্যন্তরীণ বিষয়। এই আইনটি করার সময় স্পষ্টভাবেই বাংলাদেশসহ আরো কয়েকটি দেশের নামোল্লেখ করা হয়েছে। তাহলে এটি কিভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় হতে পারে ?
















