দুর্নীতির কারণে সরকারে পচন ধরলে, আমি পচব কেন? প্রশ্ন মেননের

ইসলাম টাইমস ডেস্ক: দেশ থেকে পাঁচ লাখ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে জানিয়ে মহাজোট সরকারের অন্যতম শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমি সব সময় সরব থেকেছি। সংসদে দাঁড়িয়ে এই অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলেছি। সংসদের বাইরেও বলছি। সুতরাং দুর্নীতির কারণে সরকারে পচন ধরলে, আমি পচব কেন?

সম্প্রতি বিদেশে অর্থপাচারের প্রশ্ন তুলে রাশেদ খান মেনন এক বক্তব্যে বলেন, ‘দেশ থেকে পাঁচ লাখ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে।’ এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মেনন বলেন এসব কথা।

তিনি আরও বলেন, ‘বছরে এক লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। গবেষণাতেও তেমনই হিসাব মিলছে। এক প্রতিষ্ঠান বলছে, বছরে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তাহলে গত ১১ বছরে এই সরকারের আমলে কত লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, সহজেই হিসাব মিলবে। সেই হিসেবে আমি কমই বলেছি। কারণ, ৬৪ হাজার কোটি টাকা পাচারের কথা বলা হয়েছে আমদানি-রপ্তানির অসঙ্গতি ধরে। এর বাইরে আরও হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।’

সরকারে আছেন। মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অর্থপাচার, দুর্নীতির দায়ে সরকার ব্যর্থ হলে, তার দায় আপনারও- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক প্রশ্ন। এমন প্রশ্ন করে বিব্রত করা ঠিক না। এরপরও বলছি, সরকারের লোকেরা দুর্নীতি করছে, এর দায় সরকার এড়াতে পারে না। পাপিয়া কাণ্ড বা জি কে শামীম কাণ্ডের দায় আমাদের ওপর বর্তাবে কেন? সরকারে পচন ধরলে আমি পচব কেন?’

পূর্ববর্তি সংবাদদিল্লি হত্যা ও মোদির আগমনের প্রতিবাদে ইসলামী দলগুলোর বিক্ষোভে উত্তাল বায়তুল মোকাররম
পরবর্তি সংবাদবৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল: সড়ক দুর্ঘটনায় নিহত ২১