ইসলাম টাইমস ডেস্ক : করোনাভাইরাসের কারণে নানা অনিশ্চয়তার কথা চিন্তা করে কেউ যেন হজ্ব নিবন্ধনে দেরি না করেন। যদি হজের নিবন্ধনে দেরি করেন তাহলে তার হজযাত্রায় এবার সমস্যা হতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
রোববার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা সম্পর্কে সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
আগে থেকে প্রস্তুতি নিয়ে না রাখলে এবার হজে যাওয়া যাবে না এমন ইঙ্গিত দিয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অনিশ্চয়তার কথা চিন্তা করে কেউ যদি হজের নিবন্ধনে বিলম্ব করে তার হজযাত্রায় সমস্যা হতে পারে। আগে থেকেই যদি একজন হজযাত্রী প্রস্তুতি গ্রহণ না করেন, তা হলে তিনি এ বছর হজে যেতে পারবেন না। তাই হজযাত্রীদের সরকারের দেয়া নির্দেশনা অনুসরণ করে নির্দিষ্ট সময়ে নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান মন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, টাকা জমা দিয়ে নিবন্ধনের পরই সৌদি আরবে মোয়াল্লিম নির্ধারণ, মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করা, আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য সৌদি আরবে অর্থ প্রেরণের কাজ সম্পন্ন করতে হয়। এর প্রত্যেকটি কাজই সময় আবদ্ধ। নির্ধারিত সময়ের মধ্যে এ কাজগুলো সম্পন্ন করতে না পারলে একজন যাত্রীদের হজে গমন সম্ভব নয়। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছি। করোনার প্রাদুর্ভাবের ফলে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সৌদি আরবের পক্ষ থেকে আমাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
















