ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে একইদিনে প্রেসিডেন্ট হিসেবে আলাদা আলাদা শপথ গ্রহণ করেছেন গত নির্বাচনে আফগান নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত বিজয়ী আশরাফ গনি ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ। বিবিসি উর্দু জানায় এ খবর।
এদিন কাবুলের প্রেসিডেনশিয়াল প্রাসাদে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনির শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মার্কিন সরকার ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের পাশাপাশি ন্যাটোর সেনা কমান্ডাররাও উপস্থিত ছিলেন। এসময় প্রাসাদের বাইরে বাজি ফোটার আওয়াজে কিছুক্ষণ বিলম্ব করা হয় আশরাফ গনির শপথ অনুষ্ঠান।
অন্যদিকে আশরাফ গনির প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহও বিশাল আয়োজন করে রাজধানীর আরেক স্থানে শপথ নেন। বর্তমানে আফগানিস্তানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বরত আব্দুল্লাহ আব্দুল্লাহর পক্ষেও দেশটির রাজনৈতিক অঙ্গনের অনেকের সমর্থন রয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় ৫ মাস পর গত ১৮ ফেব্রুয়ারি আশরাফ গনিকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনে তিনি ৫০.৬৪ শতাংশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের নির্বাহী প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছিলেন ৩৯.৫২ শতাংশ ভোট।
আব্দুল্লাহ আব্দুল্লাহ নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পরই তা প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ তদন্ত করে দেখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
















