ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের একটি মসজিদে মুসল্লিদের ওপর একজন বন্দুকধারী সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে এক এক মুসল্লি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে রাজধানী প্যারিসের ‘রু দে তাংগের’ এলাকার ওই মসজিদে প্রবেশ করে বন্দুকধারী। এরপর নামাজরত মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এ হামলায় একজন মুসল্লি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গুলি চালানোর পরই ওই হামলাকারী পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি গুলি উদ্ধার করেছে। হামলাকারী বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী হেলমেট পরা ছিলেন। এবং এলোপাতাড়ি গুলি চালিয়েই একটি স্কুটারে চড়ে পালিয়ে যায়। এ সময় মসজিদে ১১ জন অবস্থান করছিলেন।
এদিকে এ ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির মুসলিম কমিউনিটি।
কারণ গত কয়েক মাসে ফ্রান্সে এ নিয়ে কয়েকটি মসজিদে হামলার ঘটনা ঘটল।
দেশটিতে মসজিদে ইসলামবিদ্বেষী হামলা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে দেশটিতে।
এ ব্যাপারে সরকারের কাছে উদ্বেগের কথা জানিয়ে মসজিদ ও অন্যান্য ইসলামি কেন্দ্রের নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন ফ্রান্সের মুসলিম জনগোষ্ঠী।
এ ছাড়া অন্যান্য ধর্মীয় স্থাপনার নিরাপত্তাও নিশ্চিত করতে অনুরোধ করেছেন তারা।
















