করোনা নিয়ে ৩০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ প্রতিরোধে  ৩০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। মঙ্গলবার রাজধানীর বনানীস্থ স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

তথ্য বিবরণীতে বলা হয়, বাংলাদেশে অবস্থিত বিশ্বের ৩০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে করোনাভাইরাস নিয়ে বৈঠক করছেন স্বাস্থ্যমন্ত্রী। ওই বৈঠকে আমেরিকা,চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইটালি, ইরান, ভারতের রাষ্ট্রদূতসহ মোট ৩০ জন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা ভাইরাসের ফলে বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। করোনা ভাইরাসের ফলে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এই ভাইরাস মোকাবেলায় একযোগে কাজ করার কথা তুলে ধরেন তিনি।

এছাড়াও বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ তাদের নিজ নিজ দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এসময় করোনা ভাইরাসে তার দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ব্যাবস্থা প্রসঙ্গে আলোচনা করেন। আমেরিকার রাষ্ট্রদূত এসময় বাংলাদেশ সরকারকে করোনা ভাইরাস মোকাবেলায় আগামী দুই দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

পূর্ববর্তি সংবাদ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান করার আদেশ হাইকোর্টের
পরবর্তি সংবাদকরোনা সন্দেহে ৭ জেলায় কোয়ারেন্টাইনে আছে বিদেশফেরত ৬৮ জন