ইসলাম টাইমস ডেস্ক : দ্বীনী বার্তা পৌছানোই নয়, দুনিয়াবী সহযোগিতা নিয়েও ওলামায়ে কেরাম সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন। তারা শুধু মানুষের দুনিয়াবী সহযোগিতার দিকেই তাকান না আখেরাতের সহযোগিতার দিকেও তাকান। দুনিয়ার আগুন থেকেই নয়, মৃত্যু পরবর্তী আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টায়ও তারা রত থাকেন- বলেছেন মুহাম্মদপুর মারকাযুল লুগাহ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহিউদ্দীন ফারুকী। আজ মাদরাসার পাশে বসবাসরত আগুনে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে সহযোগিতা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় পুড়ে যাওয়া সেই বাড়ির সদস্যদের মাঝে লেপ, তোশক, চাল, ডাল, থালা, বাটি, বোলসহ প্রয়োজনীয় সামগ্রী হাদিয়া দেওয়া হয়। যারা এ মহৎ কাজে সহযোগিতা করেছেন তাদের জন্য বিশেষ দুআ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মাওলানা ফারুকী।
প্রসঙ্গত , বিগত ৫ ফেব্রুয়ারি মাদরাসার পাশের বাড়িটিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন মাদরাসার ছাত্ররা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে অনেক সহযোগিতা করেন। এরপর এলাকাবাসী, নিকটবর্তী ইটভাটার মালিক এবং মাদরাসার ছাত্ররা মিলে তাদের ঘর পুনরায় নির্মাণ করে দেন।
















