‘করোনা প্রতিরোধে সরকারের আন্তরিকতার কমতি নেই, তবে যন্ত্রপাতির ঘাটতি আছে’

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস-এর বিস্তার প্রতিরোধে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একজন ক্যাম্পেইনার হিসেবে কাজ করছেন। তবে আমাদের কিছু যন্ত্রপাতির ঘাটতি আছে, যেগুলো শিগগিরই পূরণ করা হবে।

আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত করোনা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনের আগে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

করোনার বিস্তার রোধে সরকারের প্রস্তুতি কেমন– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে যে দল মুজিববর্ষের মতো অনুষ্ঠান বাদ দেয়, তারা আর কি করবে?

করোনার বিস্তার নিয়ে তিনি বলেন, চীন, যুক্তরাষ্ট্র ইউরোপসহ বিশ্বের সোয়াশরও বেশি দেশের লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ রোগে আক্রান্ত হয়েছেন বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানও। বিশ্বব্যাপী যখন এ রোগ মহামারী আকার ধারণ করেছে, তখন করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেতনতার জন্য নিজেই একজন ক্যাম্পেইনার হিসেবে কাজ করছেন।

পূর্ববর্তি সংবাদহোয়াইট হাউজের দাবি, ট্রাম্প করোনায় আক্রান্ত নন!
পরবর্তি সংবাদরূপনগরে অসহায় বস্তিবাসীর মাঝে বিএনপির খাবার বিতরণ