ইসলাম টাইমস ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের ‘ইউএস স্টেট ডিপার্টমেন্ট’ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট করেছে তা একপেশে ও অগ্রহণযোগ্য।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে এই বছরের প্রথম দিন (১ জানুয়ারি) নানাভাবে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সেখানে প্রতিবছর আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র্রে প্রতিবছর আইনশৃঙ্খলা বাহিনী বিনা ওয়ারেন্টে অনেককে গ্রেফতার করে। তাদের দেশে যে পরিস্থিতি, সেটিও বিশ্ববাসীর জানার অধিকার রয়েছে এবং জানা প্রয়োজন।’
এ সময় ড. হাছান মাহমুদ বলেন, ‘যাদের তথ্য-উপাত্ত নিয়ে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেসব সংগঠন ইতোপূর্বে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারা এর আগেও বাংলাদেশ পরিস্থিতির ওপর একপেশে রিপোর্ট প্রকাশ করেছে। তাদের তথ্য-উপাত্ত নিয়ে ইউএস স্টেট ডিপার্টমেন্ট যে রিপোর্ট প্রকাশ করেছে তা অগ্রহণযোগ্য।’
উল্লেখ্য, গত ১১ মার্চ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ‘ইউএস স্টেট ডিপার্টমেন্ট। সে রিপোর্টে বাংলাদেশের বিচারবিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
















