ভিসার জরিমানাতেও হিন্দু-মুসলিম দেখা হয় ভারতীয় আইনে

ইসলাম টাইমস ডেস্ক : শুধু নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র ক্ষেত্রে নয়, ভিসার ক্ষেত্রেও ধর্মীয় বিভেদের অবস্থান নিয়েছে ভারত। সম্প্রতি বাংলাদেশের এক ক্রিকেটারের ভিসা ফুরিয়ে যাওয়ার পরে এমনই তথ্য সামনে এসেছে।

তখনও নাগরিকত্ব সংশোধনী আইন লোকসভায় পাশ হয়নি। তবে বিলটি নিয়ে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। প্রতিবাদ চলছে এনআরসি নিয়ে। তারই মধ্যে গত বছরের শেষ দিকে কলকাতায় আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসে বাংলাদেশের ক্রিকেট দলও।
কর্মসূচির শেষে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ক্রিকেটার সাইফ হাসান জানান, এক দিন আগেই তাঁর ভারতের ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। ডেপুটি হাই কমিশনার এর পর ভারতের ভিসা অফিসের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, এক দিন বেশি থাকার জন্য সাইফ হাসানকে ৩০০ মার্কিন ডলার বা ২১ হাজার ভারতীয় টাকা জরিমানা দিতে হবে। জরিমানা হতেই পারে। তাতে সমস্যা নেই। কিন্তু জানা যায়, সাইফ না হয়ে যদি লিটন দাসের এই সমস্যা হতো, তা হলে তাঁকে জরিমানা দিতে হতো ১০০ টাকা।

স্বাভাবিক ভাবেই ভারতের এই ভিসার নিয়মের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার একে ‘ধর্মীয় বিভেদমূলক’ বলে অভিহিতও করেছে। সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে গেলে এ বিষয়ে তাঁদের ক্ষোভও জানাতে পারে হাসিনার প্রশাসন।

দীর্ঘ দিন ধরে যাঁরা এনআরসি এবং সিএএ নিয়ে আন্দোলন করছেন, তাঁদের অনেকেই ভিসার এই নতুন নিয়ম শুনে আশ্চর্য হচ্ছেন না। তাঁদের বক্তব্য, মোদীর সরকার এ ভাবেই ধর্মীয় বিভেদ তৈরি করে ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের অবমাননা করছে। সিএএ আইনের ক্ষেত্রেও তা করা হয়েছে, ভিসার নিয়মের ক্ষেত্রেও তা করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদইতালি থেকে ফিরেছেন আরও দেড় শতাধিক প্রবাসী
পরবর্তি সংবাদ৩১ মার্চ পর্যন্ত ইউরোপের সঙ্গে বাংলাদেশের সব ফ্লাইট বাতিল