ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-১০ আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, মানুষ বিএনপি’র সরকার চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুশাসন চায়। জবাবদিহিতামূলক রাজনীতি চায়। এর জন্য উপযুক্ত দল বিএনপি। আর উপযুক্ত নেত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার বারোইখালী এলাকায় ও শিকদার মেডিক্যাল থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। এরপর তিনি হেমায়েতপুর ও ট্যানারি এলাকায় গণসংযোগ করেন। হাজারীবাগের অনেক ভোটার এখন ট্যানারিতে কর্মরত রয়েছেন।
শেখ রবিউল আলম রবি আরো বলেছেন, জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় হবে আর এ বিজয় জনগণের বিজয়।
এসময় ধানমন্ডি থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কামরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সৈকত, ধানমন্ডি থানা শ্রমিক দলের সভাপতি আবু কাউছার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















