ইসলাম টাইমস ডেস্ক: সম্পূর্ণ আলাদা ধরনের যুদ্ধবিমান তৈরি করছে তুরস্ক। তারা এগুলোর ব্যবহারকারী ও বিক্রেতা। নিজস্ব প্রযুক্তিতে তৈরি তুরস্কের এসব ড্রোন এরই মধ্যে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
মার্কিন ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট জানায়, তুরস্কের কয়েক ধরনের ড্রোন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো- আঙ্কা-এস। ২০১৩ সালে এটি তৈরির কাজ শুরু হয়। এরপর ২০১৬ সালে প্রথমবারের মতো এই ড্রোন ব্যবহার করে তুরস্ক।
আঙ্কা-এস নামের ড্রোনটি ২৬ ফুট লম্বা। এটি ৪০০ পাউন্ড পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এটি ২৪ ঘণ্টারও বেশি সময় একটানা আকাশে উড়তে সক্ষম এবং এটি দিয়ে ক্ষেপণাস্ত্রও ছোড়া যায়। সবমিলিয়ে যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা আদায় করতে সক্ষম এই ড্রোন।
হিসাব বলছে, বর্তমানে তুর্কি সামরিকবাহিনীর কাছে বিভিন্ন মডেলের ১৩০টিরও বেশি ড্রোন রয়েছে। বিশাল সংখ্যক এই ড্রোনের সমন্বয়ে শক্তিশালী এক ফোর্সে পরিণত হয়েছে তুরস্ক। এরই মধ্যে আঙ্কারা তাদের ড্রোন ফোর্সের ক্ষমতাও দেখিয়েছে। সিরিয়া অভিযানে তুর্কি ড্রোন ফোর্সের হামলার মুখে পিছু হটেছে শক্তিশালী রাশিয়াও।
















