ভারতে আলোচিত নির্ভয়া হত্যা-ধর্ষণের চার আসামির ফাঁসি শুক্রবার ভোরে, সব আর্জি খারিজ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে আলোচিত গণপরিবহণে নির্ভয়া ধর্ষণ ও হত্যার আসামিদের ফাঁসি আগামিকাল শুক্রবার। ফাঁসির আগের দিন নির্ভয়া মামলার আসামিদের পিটিশন খারিজ করে দিযেছে দিল্লি আদালত। ২০ মার্চ, শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হওয়ার কথা এই মামলার চার আসামির। খবর এনডি টিভির।

আসামি চারজন- মুকেশ সিংহ (৩২), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও অক্ষয়কুমার সিংহর (৩১)। আদালত জানিয়ে দিয়েছে, শুক্রবার নির্ধারিত সময়েই ফাঁসি হচ্ছে আসামিদের।

গত জানুয়ারি থেকে তিনবার ফাঁসির তারিখ ধার্য হওয়ার পরেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। ফাঁসির এ তরিখ চতুর্থ বারের।

২০১২ সালের ১৬ ডিসেম্বর এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী প্রমাণিত হয় ওই চার অপরাধী। এদিন আসামিরা আর্জি জানায় ফাঁসি পিছিয়ে দেওয়ার জন্য। তারা দাবি করে, এখনও তাদের আইনি পথ বাকি রয়েছে। কিন্তু সরকারি আইনজীবী ইরফান আহমেদ আদালতকে বলেন, ‘এই মুহূর্তে আর কোনও আইনি পথ বাকি নেই। পবন ও অক্ষয়ের দ্বিতীয় বারের প্রাণভিক্ষার আর্জি আর শুনবেন না রাষ্ট্রপতি।’

তিনি আরও বলেন, ‘‘আমার বন্ধু চাইলে ১০০টি আবেদন করতে পারে। কিন্তু সেগুলি কঠোর ভাবে আইনি পথ নয়।”

এদিন মামলার অন্যতম এক আসামির স্ত্রী, যিনি বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করেছেন, তিনি পাতিয়ালা হাউস আদালত চত্বরের বাইরে অজ্ঞান হয়ে যান।

এর আগে ফাঁসি পিছিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এবারও তাদের আইনজীবী এপি সিংহর সাহায্যে আসামিরা আদালতে আর্জি জানিয়েছিল তাদের আইনি পথ এখনও বাকি আছে বলে। কিন্তু তা খারিজ করে দিয়েছে আদালত।

সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে মুকেশ সিংহের আর্জিও। মুকেশ জানিয়েছিল‌, অপরাধের সময় সে দিল্লিতেই ছিল না।

ওই চারজন ছাড়াও এই অপরাধে জড়িত ছিল আরও দু’জন। তার মধ্যে একজন ছিল ‘নাবালক’। ১৬ ডিসেম্বর ২০১২ সালে ওই তরুণীর উপরে লোহার রডের সাহায্যে অমানুষিক অত্যাচার চালায় অপরাধীরা। পরে ২৯ ডিসেম্বর মারা যান তরুণী। ‘নাবালক’ অপরাধী তরুণ তিন‌ বছর সংশোধনাগারে থাকার পরে ছাড়া পেয়ে গিয়েছে। অপর অপরাধী রাম সিংহর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় জেলের মধ্যে।

নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসার পরে গোটা দেশ গর্জে উঠেছিল ক্রোধে। ‘আমানত’ ছদ্মনামে পরিচিত হয়ে উঠেছিল নির্যাতিত নির্ভয়া। অপরাধীদের শাস্তির দাবিতে পথে নেমে এসেছিল ভারতের যুবসমাজ।

পূর্ববর্তি সংবাদঅবশেষে দেশজুড়ে সব বার বন্ধ রাখার নির্দেশ এল
পরবর্তি সংবাদকরোনা সতর্কতায় সমাজে পরিচিত ইমামদের নিয়ে প্রচারণার আহ্বান প্রধানমন্ত্রীর