লঙ্কাকাণ্ড! কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীকে দেখতে হবিগঞ্জে উৎসুক জনতার ভিড়!

ইসলাম টাইমস ডেস্ক: কোয়ারান্টাইনে থাকা প্রবাস ফেরত লোকদের দেখতে হবিগঞ্জে উৎসুক জনতার ভীড়। এ যেন লঙ্কাকাণ্ড! ‘হুজুগে বাঙালি’ প্রবাদের নতুন বাস্তবায়ন।

বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে জনৈক এক অস্ট্রেলিয়া ফেরত প্রবাসীর বাড়ির সামনে এমন চিত্র দেখা যায়। বিদেশ থেকে আসা মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলার পর এ যেন এক নতুন যন্ত্রণা। অদ্ভুত কোনো তামাশা দেখার মতো হুজুগে লোকজনের ভিড়।

এর আগে ওই প্রবাসীকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন।

জানা যায়, নবীগঞ্জে ইউরোপ ফেরত পাঁচজন প্রবাসীর সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন। নিজ বাসায় আলাদা কক্ষে বাস করতে বলা হয় তাদের। এ খবর শুনে এলাকার মানুষ ভিড় করছে বাড়িগুলোর সামনে।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস সতর্কতামূলক চারটি কেবিন প্রস্তুত থাকলে ও কোনো প্রবাসীকে সেখানে নেয়া হয়নি। তবে প্রশাসনিকভাবে নজরদারি রয়েছে তাদের প্রতি। এদিকে করোনার কারণে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিকসহ সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

পূর্ববর্তি সংবাদশেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদকুড়িগ্রামে নামাজরত মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে