ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে শহরের কোথাও কোথাও লকডাউন করার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। অবস্থার অবনতি হলে প্রয়োজনে দেশে জরুরি অবস্থাও জারি করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন ডব্লিউএইচও কর্মকর্তারা। শনিবার (২১ মার্চ) নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে এ পরামর্শ দেওয়া হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়,স্বরাষ্ট্রমন্ত্রণালয় কিংবা আইডিসিআর-এর পক্ষ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোন বিবৃতি পাওয়া যায়নি।
এদিন করোনা ভাইরাস থেকে আত্মরক্ষা পেতে সাঈদ খোকনের বনানীর বাসভবনে বৈঠক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের কমিউনেকেবল ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশনের (এসডিসিপি) প্রতিনিধি দল।
ওই বৈঠকেই মেয়রকে দেশে লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেয়া হয়।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সাঈদ খোকন।
তিনি বলেন, দেশে লকডাউন অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পুরোপুরি না হলে অন্তত আংশিক লকডাউন তৈরি করা। একইসঙ্গে জরুরি অবস্থা জারি করা।বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ সরকারের সর্বোচ্চ মহল অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে বলে জানান বিদায়ী মেয়র।সাঈদ খোকন বলেন, আমরাও দেখেছি, যেসব দেশে লকডাউন করা হয়েছে বা জরুরি অবস্থা জারি করা হয়েছে,সেখানে নতুন আক্রান্তের বিষয়টি নিয়ন্ত্রণে আছে। নতুন করে সংক্রমণ কম হয়েছে। তাই আমরা তাদের জানিয়েছি,তাদের এই পরামর্শ প্রধানমন্ত্রীর কাছে পেশ করব। কারণ সরকারপ্রধান হিসেবে তিনিই শুধু এই সিদ্ধান্ত নিতে পারেন।
















