ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের কারণে ২২-২৩ মার্চ মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার (২১ মার্চ) বিষয়টি অনুমোদন দিয়েছেন।
মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ২২ ও ২৪ মার্চ দুই বিশেষ অধিবেশন ডেকেছিলেন রাষ্ট্রপতি। ২২ মার্চ বেলা ১১টায় অধিবেশন বসার কথা ছিল।
এদিকে চট্টগ্রাম সিটির ভোটসহ সকল নির্বাচন স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি, দুই আসনে উপনির্বাচন ছাড়া কিছু স্থানীয় সরকার নির্বাচন ছিল। যদিও করোনায় সৃষ্ট ক্রান্তিকালের মধ্যেই আজ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচনে ভোট হচ্ছে।
















