ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রাম ও রাঙামাটিতে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ বাসায় অবস্থান করা কর্মহীন দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, রোববার (২৯ মার্চ) কুড়িগ্রাম সদর উপজেলার পৌরসভায় ৩ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মানবিক সহায়তা হিসেবে কুড়িগ্রামের ৯ উপজেলায় ৩৪ মেট্রিক টন চাল ও ১০ লাখ ২০ হাজার টাকার খাদ্য সহায়তার মালামাল বিতরণ শুরু হয়েছে।
এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১টি সাবান বিতরণ করা হচ্ছে।
অন্য দিকে একই দিনে পার্বত্য জেলা রাঙামাটিতে সাড়ে ৫ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
রোববার (২৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণকালে জেলা প্রশাসক এই তথ্য নিশ্চিত করেছেন।
















