সময় সংবাদের খবর: করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় পাঁচজনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে করোনা মহামারীর প্রকোপ বাংলাদেশেও থেমে নেই। ইতোমধ্যে আইইডিসিআর-এর দেওয়া তথ্য অনুযায়ী পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে করোনা সন্দেহে বা করোনার উপসর্গ নিয়ে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ মারা যাচ্ছে বলে সংবাদমাধ্যমের খবরে পাওয়া যাচ্ছে।

জাতীয় সংবাদমাধ্যম সময় টিভির প্রতিবেদনে করোনার উপসর্গ নিয়ে আজ সারাদেশে পাঁচজনের ‍মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। কুষ্টিয়া, যশোর, দিনাজপুর, সুনামগঞ্জ এবং শেরপুরের নালিতাবাড়িতে ঘটেছে এসব ঘটনা।

কুষ্টিয়া 

কুষ্টিয়ায় সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগে এক ঝালমুড়ি বিক্রেতা মারা গেছেন। সোমবার (৩০) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, তিন দিনের সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

তার দেহে করানোভাইরাস সংক্রমণের জীবাণু আছে কিনা সেটা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

যশোর

যশোরে হোম কোয়ারেন্টাইন শেষে ১৬তম দিনে গোলাম মোস্তফা (৬০) নামে মালয়েশিয়া ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।

এদিকে, উপজেলা প্রশাসন দাবি করেছে, মৃত গোলাম মোস্তফার করোনার কোনো লক্ষণ ছিল না। তিনি স্ট্রোক করে মারা গেছেন।

দিনাজপুর

দিনাজপুরের বিরামপুরে এক ব্যক্তি করোনা সন্দেহে নিজ বাড়িতে মারা গেছেন। তার বাড়ি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তপসী গ্রামে। তার নাম ফরহাদ হোসেন অপি । বয়স ৪০।  তিনি গত কয়েকদিন আগে কুমিল্লা থেকে জ্বর, সর্দিতে আক্রান্ত হয়ে বাড়িতে আসে। বিষয়টি সে গোপন রেখেছিল।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাতে মারা যায়। প্রশাসন জানতে পের ওই বাড়ির চার সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শেরপুর

শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিন শ্বাসকষ্টে ভোগার পর রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি খুলনা বাগেরহাট জেলার রামপালে পাইলিং শ্রমিকের কাজ করতেন। সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার তিনি নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামে নিজ বাড়িতে আসেন।

নিহত ব্যক্তি স্থানীয় ফার্মেসি থেকে শ্বাস কষ্টের ওষুধ ব্যবহার করেছিলেন। তারপরও তার শ্বাস কষ্ট বন্ধ হয়নি। রাতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় করোনা আতংক বিরাজ করছে। ফলে রাতেই ওই বাড়ি লকডাউন করে দেয়া হয়।

সুনামগঞ্জ

সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৬০ বছর বয়সী নারী’র কাশি ও শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) ভোরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর মৃত্যুর পর এলাকায় উৎকণ্ঠা দেখা দেয়।

এরপর তার স্বামীকে করোনা পরীক্ষাকরণের জন্য সিলেটে পাঠানো হয়েছে। হোম কোয়ারেন্টিনের মাধ্যমে তাকেও নজরদারিতে রাখা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও রোগীর স্বজনরা জানান, সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৬০ বছর বয়সি নারী উচ্চ রক্তচাপ ও শ্বাসকস্টের রোগী ছিলেন। কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশিতেও ভুগছিলেন।

পূর্ববর্তি সংবাদকরোনা পরিস্থিতিতে বাড়তে পারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ
পরবর্তি সংবাদনিউইয়র্ক প্রবাসী আলেম লেখক ফায়েক উদ্দীন গুরুতর অসুস্থ, দোয়া কামনা