ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দেওয়া হলেও তা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক জনসমাগম নিয়ে হাটবাজার বসতে দেখা গেছে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, প্রথম দিকে লোকজন বাড়িতে থাকলেও এখন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন সরকারি নির্দেশনা না মেনে হাটবাজারে সময় দিচ্ছেন।
প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানোর পরও এসব হাটবাজার বসছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতনরা।এ কারণে চরাঞ্চল অধ্যুষিত এ উপজেলার মানুষের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
জানা গেছে, চৌহালীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘর থেকে বের না হওয়া, জনসমাগম এড়িয়ে চলা, দৈনন্দিন হাটবাজার না বসানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে নিয়মিত।কিন্তু নির্দেশনা অমান্য করে খেয়ালখুশিমতো চৌহালীর অধিকাংশ হাটবাজার চলছে।
















