ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত অর্থনৈতিক প্যাকেজে ভিক্ষুক থেকে শিল্পপতি সবার জীবন ও জীবিকা অন্তর্ভুক্ত রয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে তথ্যমন্ত্রী ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কয়েক মিলিয়ন পরিবারের জন্য ৬৮০ কোটি টাকা নগদ বরাদ্দ ও অপেক্ষাকৃত অধিক দারিদ্র্যপীড়িত ১০০ উপজেলার সব বয়স্ক ও বিধবাকে ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঐতিহাসিক এবং সাহসী ঘোষণা দিয়েছেন, এটি আশপাশের দেশ এমনকি ভারতের তুলনায় আনুপাতিক হারে অনেক বড় প্যাকেজ দাবি করে ড. হাছান বলেন, ভারতে তারা তাদের জিডিপির শূন্য দশমিক আট শতাংশ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন। আর বাংলাদেশে প্রধানমন্ত্রী যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন, তা আমাদের মোট জিডিপির ২ দশমিক ৫২ শতাংশ।
ঘোষিত অর্থনৈতিক প্যাকেজের বিশেষত্ব বিশ্লেষণ করে ড. হাছান বলেন, এর মধ্যে কয়েকটি প্যাকেজ ‘রিভলভিং’ যা থেকে প্রকৃতপক্ষে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকারও বেশি অর্থায়ন সম্ভব।
















