করোনা: জেরুসালেমে কাপড়ের বদলে প্লাস্টিকে লাশ দাফন করা হচ্ছে

ইসলাম টাইমস ডেস্ক: জেরুসালেমে করোনা ভাইরাসের কারণে বদলে গেছে ইহুদি ও মুসলিমদের মৃতদেহ দাফনের নিয়ম ৷ কাফনের কাপড়ের বদলে এখন প্লাস্টিকে মুড়ে কবর দেয়া হয়  জেরুসালেমে ৷ খবর রয়টার্সের।

সরকারি হিসেব অনুযায়ী, ইসরায়েলে মারা গেছেন ২৯ জন৷ সংক্রমিত হয়েছেন অনেকে৷ মৃত্যু এবং সংক্রমণ থেকে রক্ষা পেতে  সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন নিশ্চিত করা হয়েছে৷ কোলাকুলি, হাত মেলানো ইত্যাদি নিষিদ্ধ করার পাশাপাশি লাশ সৎকারের নিয়মেও আনা হয়েছে পরিবর্তন ৷

খবরে বলা হয়েছে, সরকারের নির্দেশ, লাশ ধোয়া যাবে না আর কাপড়ের বদলে বিশেষ ধরনের প্লাস্টিকে মুড়ে  কবর দিতে হবে৷ কবর দেয়ার সময় সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন৷ সবাইকে মৃতের প্রতি শ্রদ্ধা এবং মৃতের পরিবারের প্রতি  সমবেদনা জানাতে হবে ওয়েবসাইটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷

এদিকে ডয়চে ভেলে জানিয়েছে, জেরুসালেম অঞ্চলের মুসলমানদের লাশ দাফনের নিয়মেও সাময়িক পরিবর্তন আনা হয়েছে৷ লাশ কাফনের কাপড়ে না মুড়ে নিশ্ছিদ্র প্লাস্টিকে প্যাকেট করে কফিন ছাড়াই দাফন করা হচ্ছে।

ইহাব নাসেরআলদীনের ভাই মারা গেছেন ক্যানসারে৷ তারপরও জেরুসালেমের আল আকসা মসজিদে তার নামাজে জানাজা হয়নি৷ হাসপাতাল থেকে সরাসরি কবরস্থানে নিয়ে যাওয়া হয় মৃতদেহ৷বৃহত্তর স্বার্থে সবাই নতুন নিয়ম মেনে নিয়েছে জানিয়ে ইহাব বলেন, ‘‘ আমরা লাশ দাফন করেছি এবং সবাইকে বলেছি কবরস্থান কর্তৃপক্ষের ওয়েবসাইটে শোক জানাতে ৷ হাত মেলানো, কোলাকুলি করা এবং চুমু খাওয়া এখানকার রীতি হলেও সবাইকে এসব না করতে বলে দিয়েছি৷’’

জেরুসালেম এবং ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসেইন বলেন, ‘‘প্রয়োজনের তাগিদে এই নিয়ম৷’’

খবরে আরো বলা হয়েছে,  এতদিন দাফন শেষ হওয়ার পর থেকে সাতদিন পর্যন্ত ‘শিভা’ পালন করতো ইহুদিরা৷ওই সাতদিন আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব খাবার-দাবার নিয়ে বাড়িতে গিয়ে মৃত ব্যক্তির পরিবারকে সমবেদনা জানান৷ এসবও নিষিদ্ধ করা হয়েছে৷

পূর্ববর্তি সংবাদভারতে কোয়ারেন্টিন সেন্টার স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জনের মৃত্যু
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর প্যাকেজে ভিক্ষুক থেকে শিল্পপতি সব মানুষ আছেন : তথ্যমন্ত্রী