ভারতে কোয়ারেন্টিন সেন্টার স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে কোয়ারেন্টিন সেন্টার স্থাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল শনিবার ঘটে এ ঘটনা। খবর জিনিউজের।

শনিবার দেশটির বীরভূমের পাড়ুই থানাধীন সিউড়ি ২ নম্বর ব্লকের তালিবপুর গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

এ ঘটনা ঘিরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। করোনা সংক্রমণ প্রতিরোধে ভারতের সব রাজ্যের বিভিন্ন এলাকায় কোয়ারেন্টিন কেন্দ্র স্থাপন শুরু করছে কেন্দ্রীয় সরকার।

সে ধারাবাহিকতায় বীরভূমের তালিবপুর গ্রামের একটি বিদ্যালয়ের হোস্টেলকে কোয়ারেন্টিন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। শনিবার ওই বিদ্যালয়ে গিয়ে কাজ শুরু করলে এ সময় গ্রামের কিছু বাসিন্দা কাজে বাধা দেন এবং সেখানে কোয়ারেন্টিন কেন্দ্র তৈরিতে তীব্র বিরোধিতা করে।

এদিকে অপর এক পক্ষ কেন্দ্র তৈরিতে সমর্থন করে বিপক্ষের লোকদের সমালোচনা করেন। এর জেরে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় হঠাৎ করেই গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।

এনডিটিভিকে পুলিশ জানিয়েছে, এলোপাতাড়ি গুলি ও বোমা ফেলার মাঝে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্য আরেক ব্যক্তি আহত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদকরোনায় মৃত্যুচিন্তা
পরবর্তি সংবাদকরোনা: জেরুসালেমে কাপড়ের বদলে প্লাস্টিকে লাশ দাফন করা হচ্ছে