করোনা আতঙ্কে পটুয়াখালীতে মাদ্রাসাছাত্রীর লাশ দাফনে আসেনি কোন প্রতিবেশী

ইসলাম টাইমস ডেস্ক: পটুয়াখালীর বাউফলে করোনাভাইরাস আতঙ্কে এক মাদ্রাসাছাত্রীর লাশ দাফনের সময় এগিয়ে আসেননি প্রতিবেশীদের কেউ। নিরুপায় হয়ে পরিবারের সদস্যরাই গোসল করিয়ে জানাজা পড়িয়ে দাফনের কাজ সম্পন্ন করেন।

সোমবার উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম রাবেয়া (১৩)। সে ওই গ্রামের ফোরকানের মেয়ে। সে আদাবাড়িয়া ডিএস আলিম মাদ্রাসায় সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, কিছুদিন ধরে জ্বর ও চর্মরোগে আক্রান্ত হয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছিল রাবেয়া। পরে অবস্থার অবনতি ঘটলে ওই চিকিৎসকের শরণাপন্ন হলে রাবেয়াকে একটি ইনজেকশন দেন তিনি। এরপর বাড়িতে এলে তার শরীর ফুলতে শুরু করে। সোমবার সকালে অসুস্থ অবস্থায় মারা যায় রাবেয়া।

এ দিকে মানুষের মুখে মুখে রটে যায় করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে রাবেয়া। এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। ভয়ে এগিয়ে আসেননি কোনো প্রতিবেশী কিংবা গ্রামের অন্য কোনো লোক। নিরুপায় হয়ে পরিবারের সদস্যরাই গোসল করিয়ে জানাজা পড়ে দাফনের কাজ সম্পন্ন করেন।

এ বিষয়ে নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকদিন থেকেই সর্দি-জ্বর এবং চর্মরোগে ভুগছিল রাবেয়া। মারা যাওয়ার পর মানুষ বলাবলি শুরু করে করোনাভাইরাসে মারা গেছে সে। এ কারণে তার জানাজা ও দাফনে কেউ যেতে সাহস পায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পি কে সাহা বলেন, বিষয়টি শুনেছি। ওই ছাত্রী বাসাতেই অনেকদিন ধরে চিকিৎসা নিচ্ছিল। আর তার যে সব লক্ষণ ছিল তাতে মনে হয় সে করোনায় আক্রান্ত ছিল না। এ বিষয়ে ভালো করে খোঁজ নেয়া হচ্ছে।

পূর্ববর্তি সংবাদছুটির বাধ্যবাধকতা না থাকায় চালু আছে অনেক পোশাক কারখানা
পরবর্তি সংবাদবন্ধু ট্রাম্পের হুমকিতে হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে রাজি হলো মোদির ভারত